
নতুন পুলিশ সুপারের কঠোর নির্দেশনা ও কার্যকর কৌশলের ফলে কুমিল্লা জেলায় অপরাধ দমনে দৃশ্যমান সাফল্য পাচ্ছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এরই ধারাবাহিকতায় ডিবির এক বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ মো. জসিম উদ্দিন (৪২) নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, সাধারণ ডায়রী নং–৩৫ (তারিখ: ০২ জানুয়ারি ২০২৬) অনুযায়ী অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই সঞ্জয় ও এসআই মো. বিল্লাল হোসেন। অভিযানে ডিবির একাধিক সদস্য অংশ নেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কোতোয়ালী মডেল থানাধীন পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ফরিজার বাড়ির বাসিন্দা জসিম উদ্দিন নিজ বাড়িতে অবৈধ অস্ত্র বহন করছিল। ০২ জানুয়ারি রাত ৯টা ৫৫ মিনিটে ডিবি পুলিশ টিক্কারচর ব্রিজ এলাকায় অবস্থান নেয়। রাত ১০টা ০৫ মিনিটে অভিযান চালানোর সময় আসামি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের দক্ষিণ পাশে টিনের চালার নিচে রাখা একটি ট্রাংক থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে “7.65MM” ও “SPECIAL MADE IN USA” লেখা ছিল। উদ্ধারকৃত অস্ত্রটি কার্যক্ষম বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। প্রাথমিক তদন্তে তার সঙ্গে আরও ২–৩ জন সহযোগী জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় The Arms Act, 1878-এর 19-A(f) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















