
সম্পাম্প্রতিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষায় কুমিল্লায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১১, সিপিসি-২ বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি কার্যক্রম পরিচালনা করছে।
র্যাব জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় র্যাব সদস্যরা নিয়মিত টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করছে। যানবাহন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গভীর রাত পর্যন্ত টহল কার্যক্রম চলছে। মহাসড়ক ও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট, যেখানে সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এছাড়া, জনসচেতনতা বৃদ্ধি এবং জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে র্যাব সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন,
“জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে র্যাব নিরলসভাবে কাজ করছে। যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”
র্যাবের এই বাড়তি নিরাপত্তা কার্যক্রমের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


















