
গতকাল শনিবার (০৯ নভেম্বর ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে, গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার একটি বিশেষ টিম ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছিনাইয়া মৎস্য মার্কেটের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে। কিছুক্ষণ পর ছিনাইয়া থেকে মেঘনা অভিমুখে আসা একটি কালো রঙের পুরাতন প্রাইভেট মাইক্রোবাস (রেজিঃ ঢাকা মেট্রো-চ-১৪-১২৫৬) কে থামানোর সংকেত দিলে গাড়িটি থামে।
এসময় গাড়ি থেকে এক ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম পলাশ দেব (৩৫), পিতা—বিশ্বনাথ দেব (প্রয়াত বিশু), মাতা—রিনা রাণী দেব, গ্রাম—তেলিয়াপাড়া, ৫নং ওয়ার্ড, ৬নং শাহজাহানপুর ইউনিয়ন, থানা—মাধবপুর, জেলা—হবিগঞ্জ।
পুলিশ জানায়, গাড়িটি তল্লাশি করে পিছনের ব্যাকডালার ভেতর একটি কফি রঙের ট্রাভেল ব্যাগ এবং একটি লাল-সাদা প্লাস্টিকের বস্তা থেকে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর পাওয়া যায় ৬টি প্যাকেট (প্রতিটি ২ কেজি করে, মোট ১২ কেজি) এবং প্লাস্টিকের বস্তায় পাওয়া যায় ৪টি প্যাকেট (প্রতিটি ২ কেজি করে, মোট ৮ কেজি)।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত কালো রঙের মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
হোমনা থানার তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


















