
আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এর মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্থান করে নেয়।
দিনটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে রাষ্ট্রীয় ও বেসরকারিভাবে নানা কর্মসূচি পালিত হয়। প্রতিবছর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বীর শহীদদের সম্মানে গার্ড অব অনার প্রদান করা হয়।
বিজয় দিবস উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন স্থানে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। ওই ঐতিহাসিক মুহূর্তের মধ্য দিয়েই বাঙালি জাতির দীর্ঘদিনের স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হয়।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট