
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালপাড় এলাকা থেকে রতন (৩৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ জুন, ২০২৫ইং তারিখ রোজ মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেরিবাঁধের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা যায় যে, সকালে খালপাড় এলাকায় রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
স্থানীয় ও গণমাধ্যম সূত্রে সোনারগাঁওয়ে খালপাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধারের সংবাদটি প্রাপ্ত হয়ে র্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে এই নৃশংস, নির্মম ও কুলেস হত্যার সাথে জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্যে র্যাব-১১, নারায়ণগঞ্জ ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে র্যাব-১১, নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানী, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১৯/০৬/২০২৫ ইং তারিখ দিবাগত রাত ০১:৩০ মিনিটে সময় নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন উত্তর মোগরাকুল তারাব এলাকা হতে উক্ত ক্লুলেস হত্যার ঘটনায় জড়িত ০১ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি হলো; আল ইসলাম (৪০), পিতা-মোহাম্মদ আলী, সাং-বরাবো কামাল নগর, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
গ্রেফতারকৃত আসামি'কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট