
কুমিল্লা পুলিশ প্রশাসনের অভ্যন্তরে তোলপাড় সৃষ্টি করেছে একটি ফাঁস হওয়া অডিও রেকর্ড। অভিযোগ উঠেছে, কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত থাকাকালীন জনৈক সাংবাদিকের সঙ্গে আঁতাত করে নিজেরই সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তার গোপন ও সংবেদনশীল তথ্য পাচার করেছেন এএসআই মোস্তাফিজুর রহমান। অভিযুক্ত মোস্তাফিজ বর্তমানে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার আওতাধীন ইপিজেড পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।
অনুসন্ধানে জানা গেছে, এই ঘটনার সূত্রপাত যখন এসআই জীবন বিশ্বাস এবং এএসআই মোস্তাফিজুর রহমান—উভয়েই কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি)'তে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, একই ইউনিটে দায়িত্ব পালনকালেই মোস্তাফিজ তার সিনিয়র কর্মকর্তা এসআই জীবন বিশ্বাসের দাপ্তরিক গোপনীয় তথ্য জনৈক সাংবাদিকের কাছে সরবরাহ করেন। সম্প্রতি সেই কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর জেলা পুলিশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রেকর্ডিংটিতে দেখা যায়, মোস্তাফিজ অত্যন্ত অপেশাদারভাবে ডিবি ইউনিটের অভ্যন্তরীণ গতিবিধি এবং দাপ্তরিক তথ্য শেয়ার করছেন, যা বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ।
পুলিশ বাহিনীর নীতিমালা অনুযায়ী, গোয়েন্দা শাখার তথ্য অত্যন্ত স্পর্শকাতর। একই ইউনিটে কর্মরত থেকে সহকর্মীর তথ্য বাইরের লোকের কাছে প্রকাশ করা পেশাদারিত্বের চরম লঙ্ঘন। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের তথ্য ফাঁসের ফলে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
কুমিল্লা জেলা পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, ভাইরাল হওয়া অডিও ক্লিপটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে বর্তমানে ফরেনসিক যাচাই-বাছাইয়ের অধীনে রয়েছে।
"শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত এএসআই মোস্তাফিজের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।" — সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ
ঘটনার বিষয়ে মন্তব্য জানতে এএসআই মোস্তাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে, ভুক্তভোগী কর্মকর্তা এসআই জীবন বিশ্বাসও বিষয়টি নিয়ে এই মুহূর্তে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।
একই সাথে ডিবিতে কর্মরত থাকা অবস্থায় এমন 'আঁতাত' ও বিশ্বাসভঙ্গের ঘটনায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে—এমনটাই প্রত্যাশা কুমিল্লাবাসীর।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট